রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তাকে দুদকের প্রধান কার্যালয়ে ডেকে নিয়ে এ জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের সহকারী পরিচালক প্রবীর দাসের নেতৃত্বে একটি তদন্ত দল প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়ম, অর্থ লেনদেন এবং কাজ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তাকে প্রশ্ন করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্প বাস্তবায়নের সময় ব্যয়ের অস্বাভাবিকতা এবং কারিগরি মান নিয়ে একাধিক অভিযোগ ওঠে, যা এখন তদন্তাধীন।
জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনের সময় বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় ওই সিস্টেমের সংস্কার কাজেও একই ধরনের দুর্নীতির অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে বিষয়টি অনুসন্ধানে নেয় দুদক।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, ওই প্রকল্পে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগও তদন্তে গুরুত্ব পাচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা Bnc News কে জানান, জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপ, চুক্তি প্রক্রিয়া এবং অর্থ ব্যয়ের হিসাব যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট আরও ব্যক্তিকে তলব করা হতে পারে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
.jpeg)